নিউজ ডেস্ক: ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক প্রচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেন, ইসলামের মূলমন্ত্র যে শান্তি, সেটা এবং ধর্মের দোহাই দিয়ে যে সন্ত্রাসবাদের কথা বলা হয়, সেটা যে ইসলাম সমর্থন করে না, তা বিশ্বজনের কাছে তুলে ধরতে ওআইসি ও তার সদস্য দেশগুলো বহুমুখী পদক্ষেপ নিতে পারে।
শনিবার দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর তথ্যমন্ত্রীদের দ্বাদশ সম্মেলন ইসলামিক কনফারেন্স অব ইনফরমেশন মিনিস্টার্স (আইসিআইএম)- এ বাংলাদেশের পক্ষে মন্ত্রী এ মত ব্যক্ত করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের (ডিরেক্টরেট অভ কমিউনিকেশন্স) প্রেসিডেন্ট ফাহরেতিন আলতুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ওআইসি মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীরা ‘তথ্যবিকৃতি ও ইসলামভীতি প্রশমন’ (কমব্যাটিং ডিজইনফরমেশন অ্যান্ড ইসলামোফোবিয়া) প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে বক্তব্য রাখেন।
ওআইসি’র সামনে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও জঙ্গিবাদ দমনের উদাহরণ তুলে ধরেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুরকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে যেমন শান্তিপূর্ণভাবে সবার নিজ নিজ ধর্মপালনের পরিবেশ বজায় রয়েছে। তেমনি ধর্মকে কেউ যাতে জঙ্গিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে শূণ্যসহিষ্ণুতার নীতি নিয়েছে সরকার।
ডক্টর হাছান বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবতার খাতিরে ১১ লাখের বেশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে। করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দার ভেতরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার। এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে থাকে। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে তাদের নিজের দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান এবং তা যত দ্রুত হয়, ততই সবার জন্য মঙ্গল।
সম্মেলনে ফিলিস্তিন প্রসঙ্গেও দেশের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ফিলিস্তিনিদের প্রতি দেশের পূর্ণ সমর্থন পুণর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ মনে করে, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এ বিষয়ে একমাত্র সমাধান।
ওআইসি সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আশা করি, কোনও দেশের জাতীয় কোনও ইস্যু স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারবে না।
সম্মেলন শেষে আগামীকাল দেশের উদ্দেশ্যে তথ্যমন্ত্রীর ইস্তানবুল ত্যাগ করার কথা।
ইতালি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply