নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর। এমনটাই দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের মতবিনিময় সভা হয়। আইন-শৃঙ্খলা সংক্রান্ত এ মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীর কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা করার উদ্দেশ্য হলো কাউন্সিলররা নির্বাচিত জনপ্রতিনিধি। তারা জনগণের সেবায় নিয়োজিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানুষের আইনগত সেবা দিয়ে থাকে। কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কী ধরনের সমস্যা রয়েছে সে সব সমস্যার কথা শুনেছি এবং তা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছি।
তিনি বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলের নাশকতা ও অগ্নি-সন্ত্রাস পুলিশের সাথে তারাও জনগণকে সাথে নিয়ে কীভাবে প্রতিরোধ করতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তা যথাযথভাবে পালন করছে। মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আমরা সবাই বদ্ধপরিকর।
তিনি বলেন, ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। যারা ভোট ঠেকাতে আসবে তাদের সেই অপতৎপরতা প্রতিহত করা প্রত্যেক নাগরিক, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনীর সাংবিধানিক দায়িত্ব।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ডক্টর খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডিএমপি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply