২২ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): মারা গেছেন দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্যাহ খান মাসুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। জানা গেছে, ভোর ৪টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে, আতিকউল্যাহ খান মাসুদের এক ছেলে রাশিয়ায় রয়েছেন। তিনি দেশে ফিরলে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার আগে তাকে হিমঘরে রাখা হবে।
আতিকউল্যাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। তিনি গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান।
আতিকউল্যাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯ আগস্ট মুন্সিগঞ্জ জেলার মেদিনী মণ্ডল গ্রামে জন্ম নেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
শিক্ষাজীবনেই ব্যবসা শুরু করেন আতিকউল্যাহ খান মাসুদ। প্রথমে ঋণের টাকায় ব্যবসা করতেন। সে সময় পশ্চিম পাকিস্তানে পানের দাম হঠাৎ বেড়ে যাওয়ার সুযোগ নেন তিনি। ঢাকা থেকে পান নিয়ে পশ্চিম পাকিস্তানে বিক্রি শুরু করে লাভবান হন। মুক্তিযুদ্ধের পর স্নাতক পাশ করেন। এরপর পুরোপুরি ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি।
ওয়ান ইলেভেনের পর জনকণ্ঠ ভবন থেকে যৌথবাহিনী আতিকউল্যাহ খান মাসুদকে গেফতার করে। সে সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলায় তাকে ৪৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি জামিন মুক্ত হন। পরে মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
সম্প্রতি জনকণ্ঠ থেকে সাংবাদিক ছাটাই করে এবং সাঙবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে ব্যাপক সমালোচিত হন আতিকউল্যাহ খান মাসুদ। ন্যায্য পাওনা আদায়ে সাংবাদিক-কর্মচারিদের আন্দোলন এখনও চলছে।
আতিকউল্যাহ খান মাসুদ/টিটি/আরএম















Leave a Reply