২০ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
শুক্রবার মালয় শাসকদের সাথে বিশেষ বৈঠকের পর ইসমাইল সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দিয়েছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ।
শনিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ অনুষ্ঠান হবে।
ইসমাইল সাবরির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করেছে ইস্তানা নেগারা রাজপ্রসাদ।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়েছিল। যার সময়সীমা ছিল বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত। দেশটির দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে অনলাইন ভোটিংয়ে ২২০ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন দাতোক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
এরপর দেশটির রাজা সংসদের ১১৪ জন সদস্যের সাথে সাক্ষাতের পর নির্বাচিত ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে মতামত পেয়েছেন।
এর আগে বিরোধীদের চাপের মুখে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সোমবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যরাও পদত্যাগ করেছেন।
মালয়েশিয়া/এসকেএম
















Leave a Reply