২০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কয়েকটি স্থানে শনিবার গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে এসব এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার মেক্সিকোর সীমান্তবর্তী শহর রেনোসায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। খবর: আরব নিউজ।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরে ওই এলাকায় একটি সীমান্ত সেতুর কাছে প্রথমে পুলিশকে লক্ষ্য করে ওই হামলা করে একদল অস্ত্রধারী। এতে প্রথমে একজন নিহত হন।
এর পর একাধিক স্থানে ওই দুর্বৃত্তের দল এ ধরনের সন্ত্রাসী হামলা চালায়। এ সময় দেশটির সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
মেক্সিকোর পুলিশ জানায়, দুই নারীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পরই সন্ত্রাসীরা হঠাৎ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা শুরু করে।
রেনোসা শহরের মেয়র ম্যাকি এসথার অরদিত গোমিনগজ এ ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম















