রাষ্ট্রদূতদের সাথে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

৩০টি দেশের রাষ্ট্রদূতের সাথে জরুরী বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বৈঠকে করোনা ভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরান,সহ ৩০টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসের কারণে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। তিনি করোনা ভাইরাসের ফলে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বানিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করার কথা তুলে ধরেন।

এসময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার এসময় করোনা ভাইরাসে তার দেশের সব শেষ পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সাথে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবেলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন।

চীন,ইরান,দক্ষিন কোরিয়া, ইটালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সাথে বাংলাদেশের ভিসা আদান প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতরা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের মতামত জানান।
স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে উপস্থিত সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানান।

সভায় উপস্থিত রাষ্ট্রদূতরা একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *