রোহিঙ্গাদের নিতে যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের আহ্বান

৭ মে ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের প্রতি তিনি এ আহ্বান জানান।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনের কারণে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ ভিসা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন প্রশাসন ইতোমধ্যেই বিপুল সংখ্যক শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছে, তার আওতায় বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নেয়া হোক।

তিনি বলেন, বাংলাদেশের শিবিরগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া, যুক্তরাষ্ট্র ভাষানচরে বসবাস শুরু করা রোহিঙ্গাদের পাশেও থাকবে বলে বাংলাদেশ আশা করছে।

এ সময় রবার্ট মিলার বলেন, ২০২১ সালে জেনেভায় বার্ষিক যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা (জেআরপি) প্রবর্তনের সময় যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক অভিযানে বৃহৎ অবদানের জন্য আরও প্রতিশ্রুতি দিবে বলে আশা করা হচ্ছে।

এ সময় পররাষ্ট্র মোমেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিভাসী বিষয়ক ঘোষণার প্রশংসা করেন। বলেন, বাইডেন প্রশাসন ২০২১ সালে যুক্তরাষ্ট্রে শরণার্থীর গ্রহণের সংখ্যা দুই লাখ আড়াই হাজার করেছে। ২০২২ সালে তা আরও সোয়া লাখ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর একটি বড় অংশ পূরণের জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থী গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে।

রোহিঙ্গা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *