শিক্ষার্থীরা পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

১৭২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করেন।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনুষদের সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্তদের হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ তুলে দেন শেখ হাসিনা। খবর: বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস’র।

স্বর্ণপদকপ্রাপ্ত দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৮৪ জন ছাত্র এবং নেপালের একজনসহ ৮৮ জন ছাত্রী রয়েছে। এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান ১৬৩ জন শিক্ষার্থী।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথির বক্তৃতা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাগত বক্তৃতা করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিশারিজ টেকনোলজি’র শিক্ষার্থী মো. মোবারক হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজের শারমিন সুলতানা অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের পক্ষে নিজস্ব অনুভূতি জানান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিব, জাতীয় অধ্যাপক, ইউজিসি’র সাবেক চেয়ারম্যানরা, বর্তমান এবং সাবেক ইউজিসি সদস্য, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং শিক্ষবিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি’র উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *