২৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশে ফেসবুক ব্যবহারে ইচ্ছুকদের বিষয়ে সরকারের প্রস্তাব গ্রহণ করেনি জনপ্রিয় এ সামাজিক মাধ্যমের কর্তৃপক্ষ। তারা প্রচলিত নিয়মেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার বিষয়ে মত দিয়েছে। এমনটিই জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময় করেন।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে অনেক আগেই সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, বাংলাদেশে ফেইসবুক অ্যাকাউন্ট খুলতে হলে যেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতে হয়। কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি।
সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় কি না সাংবাদিকরা এ প্রশ্ন করলে তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, আমরা অবশ্যই কোনও কিছু নিয়ন্ত্রণ করতে চাই না। কিন্তু সবকিছুই এমনভাবে পরিচালিত হওয়া প্রয়োজন সেটি যাতে খারাপ কাজে ব্যবহৃত না হয়। সেখানে যাতে স্বচ্ছতা থাকে। ফেইসবুকে পরিচয় গোপন করে ফেইক আইডি দিয়ে পোস্ট দেয়া হয়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটির তো প্রতিকার হওয়া দরকার।
তিনি বলেন, সামাজিক মাধ্যম আজকের পৃথিবীর বাস্তবতা। এটির অনেক ভালো দিক আছে। এটির যে খারাপ দিকগুলো এটি যাতে দূরীভূত হয়, সেজন্য ফেইসবুক কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে, আমরা সেটিই বলতে চাচ্ছি।
ফেসবুক/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply