সীমিত আকারে চলবে গণপরিবহণ

৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন। বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন মহানগরে চলবে গণপরিবহন। তবে অর্ধেক আসন খালি রাখতে হবে গণপরিবহনগুলোতে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা এই নিয়মের আওতায় আসবে।

মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি জানান, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে অনুমোদন দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ী জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দূরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামীকাল (৭ এপ্রিল, বুধবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান।

সড়ক পরিবহন মন্ত্রী করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।

গণপরিবহণ/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *