নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
শুক্রবার তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, গ্রামের একটি স্কুলের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। লালপুর গ্রামের এই স্কুলটি শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে চলেছে। জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে স্কুলের শিক্ষার্থীর ভালো করছে। স্থানীয় সরকার মন্ত্রী আজ নিজে এসে স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। আশা করছি স্কুলটির সুনাম ও সফলতা অব্যাহত থাকবে।
এসময় ডিএনসিসি মেয়র বিদ্যালয়টিতে আসা যাওয়ার সুবিধার জন্য বিদ্যালয় থেকে আশেপাশের গ্রামগুলোতে যাওয়ার রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর নিকট আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এবং কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply