হাইতি প্রেসিডেন্টের সন্দেহভাজন চার খুনি নিহত

০৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, হাইতি): হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যায় সন্দেহভাজন চার ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। হত্যার ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে আরও দুজনকে। এ সময় তাদের কাছে জিম্মি থাকা তিন পু্লিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস সন্দেহভাজন চারজনের নিহত হওয়ার বিষয়টি জানান। খবর বিবিসি।

প্রেসিডেন্ট মইসির হত্যাকারীদের অনেকেই রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এখনও অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। তাদেরও ‘আটক বা হত্যা’ করা হবে বলে জানিয়েছেন লিওন চার্লস।

উল্লেখ্য, বুধবার জোভেনেল মইসির নিজ বাসায় হামলা চালিয়ে তাকে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এ হামলায় তার স্ত্রী মার্টিন মইসি আহত হন। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

জোভেনেল মইসি/এসকেএম