অধ্যাপক ডক্টর গোলাম মুরশিদ মারা গেছেন

নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ডক্টর গোলাম মুরশিদ মারা গেছন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে লন্ডনে তিনি ইন্তেকাল করেন।

গোলাম মুরশিদের স্ত্রীর বরাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অধ্যাপক স্বরোচিষ সরকার তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাম মুরশিদ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার কর্মজীবন শুরু হয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে প্রায় দুই দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের গবেষণা সহযোগী ছিলেন। ভয়েস অব আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে তিনি কণ্ঠ দিতেন। অবসরজীবনে মূলত তিনি লন্ডনেই বাস করছিলেন।

লন্ডনে গোলাম মুরশিদের অবসরজীবন কাটছিল ১৮ শতকের বাংলা গদ্য এবং মাইকেল-জীবন নিয়ে গবেষণা করে।

গোলাম মুরশিদ ২০২১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এর আগে প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ১৯৮২ সালে।

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বিদ্যাসাগর বক্তৃতামালার ওপর ভিত্তি করে রচিত গ্রন্থ ‘রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা’ প্রকাশিত হয় ১৯৮১ সালে। তার পিএইচডি অভিসন্দর্ভের ওপর ভিত্তি করে লেখা ‘সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।

গোলাম মুরশিদ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *