৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাস্তা-ব্রিজ-কালভার্টসহ সব ধরনের অবকাঠামো নির্মাণে কাজের গুণগত মান ঠিক না রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, কাজের গুণগত মান ঠিক না রাখলে নির্মাণ কাজের সাথে যারাই যুক্ত থাকুক না কেন তাদের পরিণতি ভালো হবে না। নিম্নমানের কাজের সাথে প্রকৌশলী, ঠিকাদার বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তাজুল ইসলাম বলেন, উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে টেকসই উন্নয়নের কোনও বিকল্প নেই। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্তসহ অন্যান্য মন্ত্রণালয়ের সব চলমান কার্যক্রম অবশ্যই টেকসই এবং গুণগত মানসম্পন্ন হতে হবে।
তিনি বলেন, কাজে মান ঠিক আছে কিনা, সময়মতো শেষ হচ্ছে কিনা তা পরিদর্শন ও মনিটরিং করা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব। ঠিকাদার কাজে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া যাবে না এই কথা ঠিক না। যারা ঠিকমতো কাজ করবেনা, কাজের গুণগত মান ঠিক রাখবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সালাউদ্দিন জুয়েল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ শহীদ উল্লা খন্দকার। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, মন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply