অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে ইসি

নিউজ ডেস্ক: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে। এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শুক্রবার পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। কারও অবহেলা থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে। কারোর কোন প্রকার অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। পরিবেশ আরও উন্নত হবে। সবাইকে আইন সম্পর্কে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের। আশা করি ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ অন্যরা।

এর আগে তিনি পাবনা শিল্পকলা একাডেমীতে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন।

নির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ