আন্তর্জাতিক ডেস্ক: ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনার তার অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেশটির নিয়মিত সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর সম্পন্ন করছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
গত মাসের শেষ দিকে রাশিয়ায় বিদ্রোহ করেছিল ওয়াগনার। তারা মস্কো অভিমুখে যাত্রা শুরু করেছিল। পরে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন। এখন ওয়াগনার তার অস্ত্র ও সামরিক সরঞ্জাম হস্তান্তর করছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার জানায়, তারা ওয়াগনারের কাছ থেকে দুই হাজারের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। এর মধ্যে ট্যাংক, সহজে বহনযোগ্য রকেট লাঞ্চার, উড়োজাহাজ-বিধ্বংসী ব্যবস্থা রয়েছে।
ওয়াগনারের কাছ থেকে ইতোমধ্যে ২ হাজার ৫০০ টনের বেশি বিভিন্ন ধরনের গোলাবারুদ পাওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রায় ২০ হাজার ছোট অস্ত্রও ওয়াগনার হস্তান্তর করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, যেসব সামরিক সরঞ্জাম ওয়াগনার হস্তান্তর করেছে, তার বেশির ভাগই আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি।
প্রিগোশিন যে হুমকি তৈরি করেছেন, তা প্রশমনে রুশ কর্তৃপক্ষের প্রচেষ্টারই প্রতিফলন ওয়াগনারের এই নিরস্ত্রীকরণ।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















