‘আইনশৃঙ্খলা বাহিনী বাণিজ্য করছে’

নিউজ ডেস্ক: অতীতের মতো আরেকটি একতরফা নির্বাচনের নামে তামাশা করতে সরকার বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এমনটাই অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বাণিজ্য করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এ নেতা।

শনিবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গণতন্ত্রপন্থীদের নামে প্রতিদিন বেশুমার মামলা হচ্ছে। মামলা বাণিজ্যে থানাগুলো এখন রমরমা। রাত হলেই জনপদে নামছে আতঙ্ক।

তিনি বলেন, অতীতের মতো আরও একটি একতরফা নির্বাচনের নামে তামাশা করতে সরকার বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে।

ভিন্নমত প্রকাশ, বহুমাত্রিকতা, গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো চিরতরে অস্তাচলে যাত্রার অশনি সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

বিএনপি নেতা বলেন, সরকারের নির্দেশে গোটা দেশকে রীতিমতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিক্ষেপ করা হয়েছে। পুলিশের অতি দলবাজরা এখন আওয়ামী লীগ লিমিটেড কোম্পানির কর্মচারীতে পরিণত হয়েছে। গ্রেফতার এড়াতে বিএনপি নেতাকর্মীরা নদীতে অবস্থান নিচ্ছেন। রাতযাপন করছেন গাছতলায়, জঙ্গলে।

রিজভী জানান, শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে আহত হয়েছেন ১০ জন। মামলা দেয়া হয়েছে ১২টি। এসব মামলায় ১ হাজার ৩৭০ জনকে আসামি করা হয়েছে।

বিএনপি/এমএএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *