আইনি লড়াইয়ে ট্রাম্প শিবির

১০ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের দাবি প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে আইনি লড়াই কেবল শুরু হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প ঘনিষ্ঠরা।

টাম্পের ঘনিষ্ঠ ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাক এনানি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন এখনও শেষ হয়েনি। শেষ এখনও অনেক দূর। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে রিপাবলিকান নির্বাচনী পর্যবেক্ষকদের কেন্দ্রে পর্যাপ্ত প্রবেশাধিকার দেয়া হয়নি। রাজ্যটির নির্বাচনী কর্মকর্তারা বিপুলসংখ্যক ডেমোক্র্যাটকে তাদের ভুলভাল ব্যালট ঠিক করে নেয়ার সুযোগ করে দিয়েছিল বলেও দাবি করেন তিনি। খবর: বিবিসির।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে কারচুপির একগাদা অভিযোগ আনলেও জালিয়াতির তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেননি, যা ফল বদলে দিতে পারে।

২৯০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বাইডেনই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন তিনি। তবে হার স্বীকার করেননি প্রতিদ্বন্দ্বী ট্রাম্প। তিনি আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে তার স্ত্রী মেলানিয়া ও জামাতা কুশনার তাকে পরাজয় মেনে নেয়ার পরামর্শ দিয়েছে। আইনি লড়াইয়ের পক্ষে রয়েছেন ট্রাম্পের দুই ছেলে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার দায়িত্বে থাকা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনও বাইডেনের উপদেষ্টাদের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরুর প্রক্রিয়া বন্ধ রেখেছে।

নির্বাচনে কে বিজয়ী হয়েছে তা ‘নিশ্চিত করে বলা না যাওয়ায়’ আনুষ্ঠানিকতা শুরু করা যাচ্ছে না, বলেছেন তারা।

ট্রাম্প প্রশাসন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে বাইডেন প্রশাসনও আইনি লড়াইয়ের কথা বিবেচনা করছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, জো বাইডেন বেশ ব্যবধানে জয়লাভ করেছেন। ইতিমধ্যে অনেক দেশ তাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি ডেমোক্র্যাট জর্জ বুশও তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন।

রাশিয়ার মতো কয়েকটি দেশ বলছে, আনুষ্ঠানিক ঘোষণার আগে তারা বাইডেনকে অভিনন্দন জানাবেন না।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *