২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানা বিদেশি চ্যানেলগুলোর যেমন দায়িত্ব, একইসাথে যারা সেগুলো এখানে সম্প্রচার করে, তাদেরও দায়িত্ব।
শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে বছরের পর বছর ধরে আমদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছে। এর প্রেক্ষিতে দেশ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, সেটিকে টেলিভিশন মালিকদের সংগঠন, সম্প্রচার জার্নালিস্ট ফোরামসহ সবাই অভিনন্দন জানিয়েছে। আমরা আশা করবো, বিদেশি চ্যানেলগুলো খুব সহসাই বিজ্ঞাপনমুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে। আমরা বহুবার তাগাদা দিয়েছি। শেষ পর্যন্ত যারা এখানে বিদেশি চ্যানেলের প্রতিনিধি তাদের সাথে ক্যাবল অপারেটরদের ও দেশের টিভি চ্যানেলগুলোর মালিকদের নিয়ে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পয়লা অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করবো। সে অনুযায়ী আমরা গতকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।
মন্ত্রী বলেন, সরকার কোনও চ্যানেল বন্ধ করেনি। বিদেশি চ্যানেলগুলোর যারা এজেন্ট ও অপারেটর, তারা বিজ্ঞাপনমুক্ত ফিড চালাতে পারছে না বলে সম্প্রচার বন্ধ করেছে। যেসমস্ত বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে সম্প্রচার করছে, তাদের চ্যানেল কিন্তু চলছে। চলতে কোনও বাধা নেই।
এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রতিচ্ছবি। তার নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে। তিনি বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি এম এ ছালাম বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply