৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): আইন মেনেই সংসদ সদস্য হাজী সেলিম বিদেশ গেছেন এবং ফিরে এসেছেন। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাজী সেলিম জরুরী চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। আবার ফেরতও এসেছেন। তিনি একজন সম্মানিত সংসদ সদস্য এবং আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। উনি (হাজী সেলিম) আইন মেনেই গেছেন এবং আইন মেনে ফেরতও এসেছেন।
মন্ত্রী বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে। সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ঈদে সবাই ভালো ছিলেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। তিনি বলেন, এবার ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, সুন্দর ও স্বাভাবিক ছিল। অন্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল। আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে, এবারও ছিল। রাস্তাঘাটে কোনও ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়নি।
ঈদের পরে বিএনপি আন্দোলনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক দল। তারা নানা ধরনের কৌশল অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছে সবগুলোই জনস্বার্থের বিরুদ্ধে দিচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, নৈরাজ্যের প্রশ্নে নিরাপত্তা বাহিনীতো রয়েছেই। যারাই নৈরাজ্য সৃষ্টি ও প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখেছে হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়সীমার মধ্যেই এই সংসদ সদস্য চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে দেশে ফেরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম/রমু
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply