নিউজ ডেস্ক: আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। আন্দোলনের নামে সন্ত্রাসকারীদের হাত থেকে দেশ ও রাজনীতিকে রক্ষা করতে এবং দেশ যাতে তাদের হাতে না যায় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করেনে তিনি। বলেন, বিএনপি তাদের আন্দোলন এখন আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে দিয়েছে, সাথে ওদের কর্মীরাও আছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানাবো।
রোববার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামাতের অবরোধে আজকে গণভবন থেকে প্রেস ক্লাবে আসতে আমার ৪৫ মিনিট সময় লেগেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। জ্যাম না থাকলে ১০ মিনিট লাগার কথা। অর্থাৎ কেউ বিএনপি’র অবরোধ মানে না, এতে জনগণের কোনও সম্পৃক্ততা নাই, যারা অবরোধ ডাকছে তাদের কর্মী-সমর্থকদের কোনও সমর্থন নাই। তারা হঠাৎ হঠাৎ একটা গাড়ির মধ্যে বোমা মারে, এটি তো কোনও রাজনীতির কর্মসূচির কোনও অংশ হতে পারে না। তাদের কর্মী পাওয়া যায় না, কিছু কর্মীর সাথে কিছু মাদকাসক্তদেরকে পয়সা দিয়ে তারা গাড়ি-ঘোড়াতে পেট্রোলবোমা নিক্ষেপ করাচ্ছে। অর্থাৎ বিএনপি আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে তাদের আন্দোলন তুলে দিয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অবশ্যই রাজনীতি হবে, সরকারের পদত্যাগ দাবি বা মন্ত্রীদের সমালোচনা হবে কিম্বা রাস্তায় নেমে আন্দোলনও ঘোষণা করবে। কিন্তু গাড়ি-ঘোড়ায় আগুন দেয়া, চোরাগোপ্তা হামলা করা, এটা তো কোনও আন্দোলন না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, রাজনীতিকে এর হাত থেকে রক্ষা করতে হবে। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা চাই।
সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা মানুষকে পথ দেখায়, আলো দেখায়, তারা সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে পারে। জনগণ যাতে সঠিক সিদ্ধান্ত নেয়, সে জন্য আপনাদের সহযোগিতা চাই। আজ দেশটা বদলে গেছে, দেশের উন্নয়ন অগ্রগতি হয়েছে, এটা যেন অব্যাহত থাকে। যারা পেট্রোলবোমা মারে, ফিলিস্তিনে পাখি শিকার করার মতো শিশুদের গুলি করে হত্যার পরও যারা একটি শব্দও উচ্চারণ করে না, যারা স্কুল ঘরে আগুন দেয়, তাদের হাতে যাতে দেশটা না যায় সে জন্য আপনাদের সমর্থন চাই।
এ সময় ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মঙ্গল কামনা করে মন্ত্রী হাছান বলেন, সরকারি পেনশন স্কীমে সাংবাদিকদের জন্য যেনো গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা দেয়া হয় এবং এটি যেন দশম ওয়েজবোর্ডে আসে, সে বিষয়ে কাজ করছি, আপনাদেরও প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলার অনুরোধ জানাবো।
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ মফিজুর রহমান খান বাবুর সঞ্চালনায় এফবিসিসিআই সহ-সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাইনউদ্দিন মিয়া সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ও মন্ত্রীর হাতে স্মারক সম্মাননা তুলে দেন।
তথ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply