২৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। বলেন, অপরদিকে বিএনপি কখনও দুর্গত-পীড়িতদের পাশে যায় না বরং তাদের নিয়ে রাজনীতি করে।
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডক্টর হাছান বলেন, দুর্গত-পীড়িত মানুষের কাছে সর্বাগ্রে ছুটে যাওয়া আওয়ামী লীগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শেখ হাসিনার নির্দেশমতো আওয়ামী লীগ সবসময় সেটি করে আসছে।
অতীতের দিকে দৃকপাত করে তথ্যমন্ত্রী বলেন, মনে আছে নিশ্চয়ই, ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ের পর বেগম খালেদা জিয়াকে সংসদে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কোনও ব্যবস্থা নিলেন না যার দরুন দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেলো। তখন তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, যত মানুষ মারা যাওয়ার কথা, তত মানুষ মারা যায়নি। অর্থাৎ, তারা মানুষকে নিয়ে উপহাস করেন, রাজনীতি করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এবার সিলেটে বন্যা দেখা দেয়ার পর অতীতের মতোই সেখানে সর্বাগ্রে ছুটে গেছে আওয়ামী লীগ। অনেক জায়গায় প্রশাসনের মানুষ যাওয়ার আগেই আমাদের দলের নেতাকর্মীরা ছুটে গেছেন। তাদের নিজেদের ঘরবাড়ি ডুবে গেছে, তারপরও যাদের সামর্থ্য আছে, তারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নিজে ছুটে গেছেন। এখন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সেগুলো পৌঁছে দিচ্ছেন।
অন্যদিকে বিএনপি ও কিছু বিশিষ্ট ব্যক্তি যাদের আবার এনজিও আছে, তারা এখন কোথায়’ প্রশ্ন রাখেন হাছান মাহমুদ। বলেন, তাদের তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মির্জা ফখরুল সাহেবরা ঢাকায় বসে বকবক করছেন। আসলে বিএনপি কখনও দুর্গতদের পাশে দাঁড়ায় না, তদের নিয়ে রাজনীতি করে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply