নিউজ ডেস্ক: সংবিধান অনুযায়ী আগামি জাতীয় নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই অনুষ্ঠিত হবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবির মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনসমূহের নেতাদের দু’দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশে কোনক্রমেই আর তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে আন্দোলন করছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন ইসি’র অধীনেই অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়, তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে স্যালুট করে চলে যাব। ২০০১ সালেও আমরা সেটি করেছিলাম। কিন্তু ২০০১ থেকে ৬ সালে ক্ষমতায় থেকে বিএনপি ব্যর্থ হয়েছিল। এ কারনে জনগণ তাদের সাথে নেই, জনগণ এখন আওয়ামী লীগের সাথে। এই জনগণকে নিয়েই আমরা দেশের উন্নয়নের কাফেলা এগিয়ে নিয়ে যাবো।
বিএনপির নানা রকমের হুমকির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোন হুমকিতে ভয় পায় না। আওয়ামী লীগ ক্ষমতার উৎস জনগণ। সবসময় জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।কাজেই, জনগণকে নিয়েই আমরা বিএনপির আন্দোলনকে মোকাবেলা করব।
আওয়ামী লীগ নেতাকর্মীদের ও পুলিশ সদস্যদের লিস্ট করার জন্য বিএনপির এক সিনিয়র নেতার হুমকির জবাবে মন্ত্রী বলেন, আমাদের নেতাকর্মীদের দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা। আমরা নির্বাচিত সরকার। জনগণের জানমালের নিরাপত্তা দেয়া, ব্যবসাবাণিজ্যের নিরাপত্তা দেয়া, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা ও উন্নয়নকে আরও গতিশীল করা আমাদের দায়িত্ব-কর্তব্য। এটি করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। কাজেই, আমাদেরকে হুমকি দিয়ে ভয় দেখাবেন না। সাবধান করে দিচ্ছি, আমরা যে কোন পরিস্থিতিতে আপনাদের কঠোরভাবে মোকাবেলা করব।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply