আগামীকাল আসছে কর নির্ভর বাজেট

অর্থনৈতিক অভিঘাত মোকাবেলার লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন। করোনা মহামারির কারণে সৃষ্টি হওয়া অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কর নির্ভর বড় আকারের বাজেট পেশ হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত থাকবেন। প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে। খবর: বাসস।

প্রস্তাবিত বাজেটের এ আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

নতুন এ বাজেটের আকার চলতি ২০১৯-২০ অর্থবছরের ন্যায় জিডিপি’র (মোট দেশজ উৎপাদন) ১৭ দশমিক ৯ শতাংশ।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা। এ ছাড়া কর বহির্ভূত অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪৮ হাজার কোটি টাকা।

মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ।
জানা গেছে আগামী বাজেটে পরিচালনসহ অন্যান্য ব্যয় বাবদ খরচ ধরা হচ্ছে ৩ লাখ ৬২ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় রাখা হচ্ছে ৬৫ হাজার কোটি টাকা। সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ে বরাদ্দ রাখা হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা। ঋণের সুদ পরিশোধ বাবদ রাখা হচ্ছে ৬৩ হাজার ৫২৫ কোটি টাকা। সরকারি প্রণোদনা, ভর্তুকি ও অনুদান বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকছে ২ লাখ পাঁচ হাজার ১৪৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হবে। এ খাতে ৩২ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ থাকবে। এছাড়া নতুন বাজেটে কৃষি, জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান খাতে বাড়তি বরাদ্দ রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *