নিউজ ডেস্ক: সরকার প্রতিবছরই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত করা হবে। এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দিচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে দেয়া হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, তেল ও চিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত দেশের অধিকাংশ মানুষ, কেউ সরাসরি উপকৃত হয় কেউ বা পরোক্ষভাবে।
তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, বিধবা ভাতা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা রয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে।
সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহজাহান হোসেন।
খাদ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply