নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির নেতারা আন্দোলন আন্দোলন খেলা করবে। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শনিবার দুপুরে জেলার মধুপুরে বঙ্গবন্ধু আকাশী ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৫তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আব্দুর রাজ্জাক বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে নির্বাচন হবে্ সে পর্যন্ত বিএনপির হরতাল, অবরোধ, গণসমাবেশ, গণঅবস্থান, মানববন্ধনসহ আন্দোলন আন্দোলন খেলা চলতে থাকবে। তবে আমি মনে করি, নির্বাচনের আগ মুহূর্তে তাদের শুভ বুদ্ধির উদয় হবে্ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
মন্ত্রী বলেন, আর তারা যদি মনে করে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটি অবাস্তব ও সংবিধান বিরোধী। দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে, এটি বিএনপির অবাস্তব ও অলীক স্বপ্ন। ২০০৮ সালের নির্বাচনকে তারা মেনে নেয়নি, ২০১৪ সালের নির্বাচনকে তারা বর্জন করে। নির্বাচনকে কেন্দ্র করে ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল অবরোধ করেছে। মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছিলেন। ৯০ দিন আন্দোলনের পর মুখে কালিমা মেখে ব্যর্থতার গ্লানি নিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরে গিয়েছিলেন। তারা সরকারের পতন ঘটাতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে তারা সুবোধ বালকের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছিল।
আবহমান বাঙালি ঐতিহ্য রক্ষায় সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঘোড়দৌড় আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। সুস্থ বিনোদনের পাশাপাশি ঘোড়দৌড়কে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
এ বিষয়ে তিনি বলেন, পুরো মধুপুর উপজেলায় উৎসব আনন্দের আবহ তৈরি হয়। তাই, ঘোড়দৌড়, নৌকাবাইচ, হাডুডুসহ সব লোকজ সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply