নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকায় সংঘর্ষে হকার শাহজাহান আলী খুনের মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার আদালতে আনা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কড়া নিরাপত্তায় বুধবার বিকেল সাড়ে ৬টায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গতকাল তাদের গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে তাদের ডিবি হেফাজতে নেয়া হয়।
আদালত/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply