আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিউজ ডেস্ক: আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষ্যে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সহ-সভাপতি রাখি ম্রং ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো।

সারা বিশ্বের আদিবাসীদের মতো এ দেশের পাহাড় ও সমতলে বসবাসরত ৫৫টি জাতিগোষ্ঠীর প্রায় ৫৫ লক্ষ আদিবাসীরাও দেশব্যাপী দিবসটি পালন করছে। এবারে জাতিসংঘ ঘোষিত আদিবাসী দিবসের মূল সুর হচ্ছে ‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’।

বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এদেশের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনটি নয় (৯) আগস্টকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে।

আদিবাসী ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, আদিবাসীদের আদিবাসী হিসেবে রাষ্ট্র আজও সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। এ ছাড়া আদিবাসীদের ভূমি দখল, দমন পীড়ন, হত্যা, ধর্ষণ নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অথচ সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠনের দাবীকে রাষ্ট্র আমলে নিচ্ছে না। এ দেশের আদিবাসী নারীরাও নানাভাবে সহিংসতার শিকার। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রায় দুই যুগ সশস্ত্র সংগ্রামের পর ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও পঁচিশ বছরে সেই শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। ২০০৪ সালে টাঙ্গাইল জেলার মধুপুর ইকোপার্ক বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পীরেন স্নাল নামে আদিবাসী যুবক নিহত হয়। মধুপুর উপজেলায় বন বিভাগ আদিবাসীদের কৃষি জমিতে পর্যটকদের জন্য কৃত্রিম লেক খনন করে উচ্ছেদের চেষ্টা অব্যাহত রেখেছে। মৌলভীবাজার জেলায় খাসিয়া পুঞ্জিতে বন বিভাগ দ্বারা খাসিয়া ও গারোদের পানজুম কেটে ফেলা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বি হওয়ায় দরিদ্র আদিবাসীদের জীবনে উঠেছে নাভিঃশ্বাস । বিগত সতের (১৭) জুলাই ভূমিদস্যুদের দায়ের করা মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে গেলে বগুড়ার শেরপুর উপজেলার বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কমল সিংসহ ছয় (৬) জন আদিবাসী নেতাকর্মীর জামিন নামঞ্জুর হয়েছে। এদেশে আদিবাসীরা দরিদ্র ও চরমভাবে বঞ্চিত। বিগত পনের বছরে বর্তমান সরকারের আমলে আদিবাসীদের সাংবিধানিক এবং রুটি, রুজির অধিকার অর্জনে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ কর হয়নি।

এতে বলা হয়, উপরোক্ত প্রেক্ষিতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসী ইউনিয়ন নিম্নলিখিত আহ্বান জানাচ্ছে- অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিতে হবে, সংবিধানে ৬.২ ধারা বাতিল করেতে হবে। আদিবাসীদের ভূমির অধিকার, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। আদিবাসীদের জন্য স্থানীয় সব উন্নয়ন বরাদ্দ প্রকৃত ভূমিহীন দরিদ্র আদিবাসীদের নামে স্বচ্ছতার সাথে বিলি বন্টন নিশ্চিত করতে হবে, দরিদ্র আদিবাসীদের জন্য বরাদ্দ লুটপাট বন্ধ করতে হবে। বগুড়ার শেরপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও অন্যান্য স্থানে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

উপরোক্ত পটভূমিতে আদিবাসী ইউনিয়ন আদিবাসীদের জাতীয়ভাবে সংগঠিত হয়ে অধিকার আদায়, শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানাচ্ছে। আদিবাসী ইউনিয়নের ১৫ দফা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। এ বঞ্চনা ও বৈষম্যের অবসানে আদিবাসী তরুণেরা আগামী দিনে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হবে এবং আদিবাসী অধিকার আদায়ের আন্দোলনকে জোরদার করবে।

আদিবাসী ইউনিয়ন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *