২৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
শনিবার রাজধানীর একটি হোটেলে রোটারী ক্লাব, সোনারগাঁও ঢাকা আয়োজিত রোটারী ডিস্ট্রিক্ট কনফারেন্স-২০২১ এ বক্তৃতাকালে তিনি একথা বলেন।
মেয়র বলেন, জন্মলগ্ন থেকেই রোটারী ইন্টারন্যাশনাল মানব সেবায় কাজ করে আসছে। বিশ্বব্যাপী পোলিও নির্মুলে এর ভূমিকা খুবই প্রশংসনীয়।
তিনি বলেন, করোনাকালে সবাই মিলে সবার ঢাকা’র মাধ্যমে ৭৬ হাজার অসহায় পরিবারের নিকট খাবার পৌঁছে দেয়া হয়েছে। এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। সেচ্ছ্বাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব খাবার প্যাকেট বিতরণ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি ‘সবাই মিলে সবার ঢাকা’ এবং ‘বিডি ক্লিন’ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার জন্যই রাজধানীর মহাখালীতে ৭ দশমিক ১৭ একর জমিতে তৈরি ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ডিএনসিসির একটি বিপণীবিতানকে ১ হাজার শয্যাবিশিষ্ট দেশের সবচেয়ে বড় ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ এ রূপান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, এই মার্কেটে দুই শতাধিক দোকানও বরাদ্দ দেয়া হয়েছিল। বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই বরাদ্দ বাতিল করা হয়েছে। এখানে বছরে ডিএনসিসির প্রায় একশ কোটি টাকা আয়ের সম্ভাবনা থাকলেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেই মার্কেটটিকে হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, মহামারি চলাকালে হাসপাতালটি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবে। মহামারি শেষ হলে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হবে। যেখানে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
ডিএনসিসি মেয়র করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য তার পক্ষ থেকে আজ রোটারী ইন্টারন্যাশনালকে ১ লাখ মাস্ক হস্তান্তর করেন।
আতিকুল ইসলাম বলেন, নিজের পরিবার, শহর ও দেশকে সুরক্ষিত রাখতে সবাইকেই মাস্ক পরতে হবে। সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
মেয়র আতিক/এসকেএম















