রূপনগর থেকে নৌকায় তুরাগ নদীতে যেতে চান মেয়র আতিক

১৩ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): রূপনগর খাল দিয়ে সাংবাদিকদেরকে নিয়ে নৌকায় তুরাগ নদীতে যেতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

বুধবার বেলা ১২টায় রূপনগর খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন মেয়র।

তিনি বলেন, এই খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে। ১৫ দিনে খালটি পরিষ্কার করে তারা। এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশেপাশের অংশ সুন্দর করা। খালের পাড়ে প্রাথমিকভাবে গাছ লাগানো হবে। এরপর সাইকেল লেন তৈরি করা হবে। এই খালের সাথে তুরাগ নদীর সংযোগ করা হবে।

খাল পুরোপুরি পরিষ্কার হলে এলাকাবাসীর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে মেয়র বলেন, এই এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে মনিপুর স্কুল, কমার্স কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়সহ আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষার্থীদের যাতায়াতের সময় মেইন রোডের ওপর চাপ পড়ে। এ খালের পাশে ওয়াক ওয়ে এবং সাইকেল লেন করতে পারলে সবাই যাতায়াত করতে পারবে। এজন্য আমরা এখানে ওয়াক ওয়ে এবং সাইকেল লেন করবো। সবুজায়নের জন্য ইতিমধ্যে গাছ লাগানো হয়েছে। খাল পাড়ে থাকা সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় এলাকাবাসীদের সাথে নিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র।

এসময় তিনি বলেন, আগামী মার্চ থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স অনলাইনে বাসায় বসেই দেয়া যাবে।

পরিদর্শন শেষে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান।  

রূপকথার খাল পরিদর্শন শেষে দুপুর দেড়টায় মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের এই অংশে যানজট কমানোর জন্য বাস ডিপোর সীমানা প্রাচীর ভেঙ্গে সড়ক প্রশ্বস্ত করা হবে বলে তিনি জানান।

বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ এহছানে এলাহী, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

ডিএনসিসি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *