নিউজ ডেস্ক: আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। তারা যতরকম আন্দোলন আর সন্ত্রাস করুক আওয়ামী লীগের কিছুই করতের পারবে না। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শুক্রবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুরে তালগাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং সবার নিকট গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা দেখতে চাই, এদেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে কিনা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল কিনা। আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। কাজেই, এখনও মানুষ আওয়ামী লীগের সাথে আছে।
বজ্রপাত থেকে রক্ষায় বেশি করে তাল গাছ রোপণের আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমরা দেখছি, সম্প্রতি বজ্রপাতের প্রকোপ ও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এটি থেকে রক্ষা পেতে তাল গাছের চারা রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, উন্নয়নকে টেকসই ও গতিশীল রাখতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশকে সবুজ রাখতে হবে। এজন্য সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‘সবুজ পৃথিবী’ সংগঠন সোহাগপুর থেকে টাঙ্গাইল শহর পর্যন্ত মহাসড়কের পাশে তাল গাছের চারা রোপণের এ কর্মসূচি গ্রহণ করেছে। এসময় স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর শরীফ এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply