১৩ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে তলেবানদের হাতে দ্রুত পতন হতে পারে দেশটির রাজধানী কাবুল। এমন আশঙ্কায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে তিন হাজার সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, দূতাবাস থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে তিন হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র মেরিনের দুটি ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে তিনটি ব্যাটালিয়ান পৌঁছুবে।
তিনি বলেন, এসব সেনার কাছে নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র থাকবে। স্টেট ডিপার্টমেন্টের অনুরোধে বেসামরিক কর্মীদের সুশৃঙ্খল এবং নিরাপদভাবে ফিরিয়ে আনতে এ বাহিনী মোতায়েন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে কথা বলেছেন। এ সময় আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে মার্কিন প্রতিশ্রুতির কথা তারা তুলে ধরা হয়।
তালেবানের দ্রুত অগ্রযাত্রার কারণে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম সময়ের মধ্যে সরিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইতোমধ্যে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবান।
যুক্তরাষ্ট্র/এসকেএম















