৫ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশে দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে আরও ৩টি মেরিন একাডেমি স্থাপন করা হবে। এমনটাই জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, নতুন ও পুরাতন মিলে ৫টি মেরিন একাডেমি রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে একটি পুরানো মেরিন একাডেমি এবং বরিশাল, রংপুর, সিলেট ও পাবনায় নতুন চারটি মেরিন একাডেমি রয়েছে।
খালিদ মাহমুদ বলেন, বিদেশে কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।
সভায় জানানো হয়, সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি অনাকাঙ্খিত দৈব-দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিন একাডেমির কমাণ্ডেন্টরা জুম সভায় এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply