১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): মওলানা আল্লামা আহমদ শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
ইউরোপ সফর থেকে দেশে ফিরে বুধবার পয়লা বৈশাখ দুপুরে ঢাকায় নিজ বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডক্টর হাছান। এসময় রমজান মাস ও বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে তিনি নতুন বছরে দেশ ও সমগ্র বিশ্বের করোনামুক্তি কামনা করেন।
সাংবাদিকরা হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মওলানা আহমদ শফী হত্যা মামলা সম্পর্কে প্রশ্ন করেন। জানতে চান, বাবুনগরী ও মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে। জবাবে তথ্যমন্ত্রী বলেন, নির্যাতনের মাধ্যমে মওলানা শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার বিষয়টি স্পষ্ট এবং তখনকার পত্রপত্রিকায় এবিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল বলে উল্লেখ করেন হাছান মাহমুদ। বলেন, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী মওলানা শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাংচুর করা, হাসপাতালে নেয়ার পথে এক ঘন্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা- এসব সবাই দেখেছে।
তিনি বলেন, মওলানা শফী সাহেব আমার নির্বাচনী এলাকার ও আমার পাশের ইউনিয়নের একজন আলেম ছিলেন। তার মতাদর্শ নিয়ে নানা কথা থাকলেও মানুষ হিসেবে তিনি ছিলেন সজ্জন। যারা মামলা করেছেন, তারাও আমার নির্বাচনী এলাকার মানুষ। আমি চাই, আমার নির্বাচনী এলাকার মানুষ মওলানা শফী সাহেবকে যারা নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার হোক।
তথ্যমন্ত্রী/টিটি/আরএম















