ইইউ পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনে তথ্যমন্ত্রীর আলোচনা

১৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে এমইপি সারা ম্যাথিউ’র সাথে আলোচনা করেছেন বেলজিয়াম সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের গ্রিন পার্টি থেকে নির্বাচিত ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) সারা ম্যাথিউ’র সাথে বৈঠকে মতবিনিময়কালে মন্ত্রী এ আলোচনা করেন।

এসময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ৭০৫ আসনের বিশ্বের সর্ববৃহৎ আন্তঃদেশীয় এই পার্লামেন্ট।

সারা ম্যাথিউ’র সাথে বৈঠকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গড়ে তোলা নিয়ে আলোচনার পাশাপাশি ইইউ এবং বেলজিয়ামের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

চলতি সপ্তাহে ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ গত শনিবার ব্রাসেলসে পৌঁছান। রোববার ১৮ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।

তথ্যমন্ত্রী/এসকেএম