১০ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল। মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ব্রাজিল-আর্জেন্টিনার আরেকটি সুপার ক্ল্যাসিকো গরম করে দিয়েছে ফুটবল দুনিয়া। এই নিয়ে সরগরম নেট দুনিয়া। পিছিয়ে নেই বাংলাদেশের সমর্থকরাও। চলছে হিসেবনিকেষ।
দুই দলের সমর্থকরা যার যার পছন্দের টিমের গুনকীর্তন করছেন। উস্কে দিচ্ছেন প্রতিপক্ষের সমর্থকদের। টেনে আনছেন ইতিহাস।
দেখা যাক প্রতিবেশি দুই দেশের মহাযুদ্ধের ইতিহাস:
সেলেকাও আর আলবিসেলেস্তেরা সবশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল ১৪ বছর আগে। ২০০৭ সালের সেই ফাইনালে কাকা আর রোনালদিনহো ঝড়ে লিওনেল মেসি ও রিকুয়েলমেরা উড়ে গিয়েছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হেরেছিল ০-৩ গোলে। সবশেষ ফাইনালটি নেইমার-পেকেতাদের জন্য প্লাস পয়েন্ট।
গেল আসরের সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। নেইমারের ব্রাজিলের কাছে ০-২ গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হন মেসিরা। সেই ম্যাচে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনো।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হয়েছে ১৪ বার। এর বিপরীতে বর্তমান চ্যাম্পিয়ান ব্রাজিল সেরার মুকুট পরে ৯ বার। তবে যে ১৪ বার আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হয় তার মধ্যে ১০ বার ব্রাজিল কোপা আমেরিকায় অংশ নেয়নি। সেই ১০টি টুর্নামেন্টের মধ্যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হয়েছে ৫ বার। আর্জেন্টিনা সবশেষ কাপ জেতে ১৯৯৩ সালে।
আরও পড়ুন: লাল কার্ডের সাজা: জেসুস ছাড়াই ফাইনালের একাদশ
কোপা আমেরিকায় দুই দল মুখোমুখি হয় ৩৩ বার। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ১৫ বার। বিপরীতে ব্রাজিলের জয় ১০ বার। বাকি ৮টি ম্যাচ শেষ হয় সমতায়।
দুই দলের শেষ ১০ ম্যাচের পাঁচটিতে জিতে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৪ বার। একটি ম্যাচ ড্র হয়।
দুই দলই বর্তমানে রয়েছে সেরা ফর্মে। এবারের আসরে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। গ্রুপ পর্বে দুই দল একটি করে ম্যাচ ড্র করেছে। তবে সেমিপাইনালে আর্জেন্টিনা নির্ধারিত সময়ে ১-১ সমতায় খেলা শেষ করে। টাইব্রেকারে কলম্বিয়াকে হারায় ৩-২ গোলে।
আরও পড়ুন: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা
সেমিফাইনাল পর্যন্ত হওয়া ম্যাচগুলিতে ব্রাজিল গোল করেছে ১২টি। তাদের জালে বল জড়িয়েছে দুই বার। অন্যদিকে, আর্জেন্টিনা গোল করেছে ১১টি। গোল হজম করেছে তিনটি।
সবমিলিয়ে বলাই যায়, রবিবার ভোরে ব্রাজিল-আর্জেন্টিনার জমজমাট সুপার ক্ল্যাসিকো অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।
সুপার ক্ল্যাসিকো/এএমএম/রমু
















Leave a Reply