ইরাকে রকেট হামলা

১৫ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের উত্তরাঞ্চলে বুধবার একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক তুর্কি সৈন্য নিহত হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাকের মসুল নগরীর বাইরে বশিকায় অবস্থিত তুর্কি ঘাঁটিতে ‘হামলায় আমাদের বীর চার ভাইয়ের একজন নিহত হয়েছেন।’ খবর: এএফপি।

জানা গেছে, সেখানে তিনটি রকেট ছোড়া হলেও কেবলমাত্র একটি রকেট তার লক্ষ্যে আঘাত হানে।

রকেটগুলোর একটি পার্শ্ববর্তী গ্রামে আঘাত হানলে ইরাকি এক শিশু আহত হয়।

ওই এলাকায় ড্রোন পর্যবেক্ষণে তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে।

বশিকা হামলার কিছু আগে প্রায় ১০ কিলোমিটার দূরে ইরাকি কুর্দিস্তানের রাজধানী আর্বিল বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে।

এ দুই হামলা কারা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রকেট হামলা/আরএম/কিউটি