আন্তর্জাতিক ডেস্ক: টানা আড়াই মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ পরিস্থিতিতে গাজায় আগ্রাসনের জেরে ইসরাইলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। এমনকি দেশের বন্দরে ইসরাইলের পতাকাবাহী কোনও জাহাজ প্রবেশ করতে না দেয়ার ঘোষণাও দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।
বুধবার এক সরকারি বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এ ঘোষণা দেয়। খবর: আলজাজিরা।
এতে বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জিআইএম শিপিং কোম্পানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে।
একই সময়ে মালয়েশিয়া বলেছে, তারা এখন থেকে দেশে ইসরাইলের-পতাকাবাহী জাহাজ নোঙর করতে দেবে না। এ ছাড়া ‘ইসরাইলগামী যে কোনও জাহাজের মালয়েশিয়ার বন্দরে পণ্য লোড করার ওপরও নিষেধাজ্ঞা’ আরোপ করছে মালয়েশিয়া।
এই উভয় নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে।
পৃথক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার সব বন্দরে নোঙর করা থেকে ইসরাইলভিত্তিক শিপিং কোম্পানি জিআইএমের মালিকানাধীন জাহাজের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, পরিবহণ মন্ত্রণালয়কে অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ক্রমাগত গণহত্যা ও বর্বরতার বিষয়ে ইসরাইলের মৌলিক মানবিক নীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসাবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আনোয়ার বলেন, ২০০২ সালে মালয়েশিয়ার মন্ত্রিসভা ইসরাইলে-নিবন্ধিত কোম্পানিগুলোকে মালয়েশিয়ায় নোঙর করার অনুমতি দেয়, এবং ২০০৫ সালে ইসরাইলি-নিবন্ধিত জাহাজগুলোকে মালয়েশিয়ায় নোঙর করার অনুমতি দেয়। তবে আগের সেই সিদ্ধান্তগুলো এখন প্রত্যাহার করা হয়েছে।
আনোয়ার আরও বলেন, ইসরাইল অভিমুখী যে কোনও জাহাজের বিরুদ্ধে মালয়েশিয়ার বন্দরগুলোতে পণ্য লোড করার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া।
তিনি বলেন, মালয়েশিয়া নিশ্চিত যে, এই সিদ্ধান্ত চলমান বাণিজ্য কার্যক্রমকে প্রভাবিত করবে না।
মালয়েশিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply