ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু সোমবার

১৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী সোমবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: বাসস।

তিনি জানান, রাষ্ট্রপতি একটি ‘স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর’ একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী সোমবারই আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর সাথে।

জয়নাল আবেদীন জানান, সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সাথে প্রথম আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের সাথেই আলোচনা হবে। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ জন্য একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে। এটা নিয়ে কাজ করছে বঙ্গভবন।

জয়নাল আবেদীন বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সাথে সংলাপ।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।

বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

রাষ্ট্রপতি/এসকেএম 

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ