নিউজ ডেস্ক: এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগে ও পরে মোট ১১ দিন সব ধরনের বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌপুলিশ আগামী ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এমনটাই জানিয়েছেন নৌপুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
সভায় নৌপুলিশপ্রধান বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপুলিশ বদ্ধপরিকর। পবিত্র ঈদে নৌ যাত্রীদের নিরাপত্তা দিতে নৌপুলিশ সব নৌঘাট, নৌ টার্মিনালগুলোতে দায়িত্ব পালন করবে। নৌপথে নিরাপত্তা বিধানে সব নৌযানগুলোর চলাচলের বিষয়ে নৌপুলিশের বিশেষ নজরদারি থাকবে।
তিনি বলেন, সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনও নৌযান যেন প্রতিযোগিতামূলকভাবে বেশি যাত্রীবোঝাই করে বেশি স্পিড দিয়ে নৌযান না চালায়।
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, নৌপথে যে কোনও সমস্যায় নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর- ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধম্যে নৌপুলিশকে অবগত করলে নৌপুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নৌপুলিশপ্রধান বলেন, ঈদুল ফিতর উদযাপনে নৌপথ ব্যবহারকারী প্রত্যকেই যেন নিরাপদে তাদের পরিবার-পরিজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেটি নিশ্চিত করতে নৌপুলিশ সবসময়ই আপনাদের পাশে থাকবে।
ঈদযাত্রা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply