২১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা শুধু কাগজে-কলমে নয় বরং বাস্তবে নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের ঠিকাদারকে নিরাপত্তা নিশ্চিত করেই কাজ চালাতে হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
রোববার ডিএনসিসির আওতাধীন এলাকায় বিভিন্ন সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, নিরাপত্তা ইস্যু নিয়ে দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মিটিং করতে হবে। নো সেফটি, নো ওয়ার্ক। নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ বন্ধ করে দিবে।
আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম চলছে। উন্নয়ন প্রকল্প চলবে দুর্বার গতিতে। তবে উন্নয়ন প্রকল্পগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। নির্মাণ প্রকল্প এলাকার কমপ্লায়েন্স নিশ্চিত করেই কাজ চালাতে হবে। জনগণকে কিভাবে নিরাপত্তা দেয়া যায়, জনগণকে কিভাবে সুবিধা দেয়া যায় আগে সেটি ভাবতে হবে। নিরাপত্তা ইস্যুতে চমৎকার টিম ওয়ার্ক করতে হবে। যারা ভারী কাজ করবে, বিশেষ করে যারা ক্রেন চালাবে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এমনকি ডোপ টেস্টও করতে হবে।
শনিবারও গাজীপুরে বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেটকারের উপরে রড পরেছে উল্লেখ করে মেয়র বলেন, এসব ঘটনায় সরকার বিব্রত। একটি করে দুর্ঘটনা ঘটে, আমরা বিব্রত, সরকার বিব্রত। গতকালও গাজীপুরে রড পরেছে গাড়ীর ওপর। আমাদের এখনও টনক নড়ে নাই, আর কত প্রাণ গেলে টনক নড়বে? সরকারকে বিব্রত করা যাবে না, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম জানান, নিরাপত্তা নিশ্চিত না করে কোনও প্রকল্পের কাজ করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করে কাজ করলে কোনও সমস্যা হবে না। কিন্তু এর ব্যত্যয় করলে ব্যবস্থা নেয়া হবে। আমি যে কোনও সময় বিভিন্ন সাইটে পরিদর্শনে যাব, সাথে আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবে। কোনও অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply