২০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আগের সময়সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ফরম পূরণের ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুননির্ধরণ করা হলো।
করোনা মহামারীর কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে সরকার ইতোমধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে।
এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৮ জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়। ২২ জুন যা শেষ হওয়ার কথা ছিল।
এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ১ হাজার ৭৭০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনও শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।
এইচএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply