নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা বোর্ডগুলো। জুলাইয়ের পরিবর্তে আগস্টে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
নতুন পরিকল্পনার আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগামী জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করার পর তা নিয়ে আপত্তি ওঠে। কারণ সেটি হলে পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ক্লাস শুরুর পর এক বছর তিন মাসেই (১৫ মাস) এ পরীক্ষায় বসতে হতো। অথচ উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ দুই বছরের।
এসব বিবেচনায় জুলাইয়ের পরিবর্তে আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, বোর্ডগুলোর পক্ষ থেকে আগস্টে পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী দীপু মনিকে জানানো হয়েছে। এখন শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে টানা প্রায় দেড় বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাস বন্ধ ছিল। সে কারণে শিক্ষাপঞ্জিতে এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়, যা এখনও স্বাভাবিক হয়নি। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা শুরু হতো ফেব্রুয়ারির শুরুতে। আর এইচএসসি পরীক্ষা হতো এপ্রিলের শুরুতে।
এইচএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












