একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভারতে

১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে শুধু ভারতেই নয় বিশ্বজুড়ে এটি একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৯১ লাখে দাঁড়ালো। খবর: এএফপি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ হাজার ৫২৩ জন করোনায় প্রাণ হারিয়েছে। এ নিয়ে ভারতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে।

ভারতীয় বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনা ভাইরাসের পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় এবং সঠিকভাবে মৃত্যুর কারণ রেকর্ডভূক্ত না করায় কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের যে হিসাব দেয়া হচ্ছে, প্রকৃত সংখ্যা এর অনেক বেশি বলে তারা মনে করছেন।

প্রতিদিনের হিসাব অনুযায়ী কেবলমাত্র এপ্রিল মাসে ভারতে প্রায় ৭০ লাখ মানুষ নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।

ভারতে করোনা/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *