২০ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): এবার প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে বলিউডের তিন খানকে। ‘লাল সিং চাড্ডা’ নামের সিনেমাটিতে শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে দেখা যাবে একসাথে।
আমির খান দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে। এ ছবি দিয়েই দর্শকদের জন্য নিয়ে আসছেন দারুণ কিছু চমক।
বেশ কদিন আগেই খবরে প্রকাশিত হয়, এ সিনেমার জন্য স্বল্পসময়ের একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানের। খবরটি পুরনো না হতেই মুম্বাই মিরর প্রকাশ করেছে আরও এক চমকের খবর। সিনেমাটির জন্য শুধু শাহরুখই নন, সালমান খানকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আমির খান।
মুম্বাই মিরর বলেছে, সিনেমাটিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে। করোনার পর সিনেমাশিল্পকে চাঙ্গা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।
প্রসঙ্গত টম হ্যাংকস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’। চলতি বছরেই শুটিং শুরু হয় এ সিনেমার। কিন্তু করোনার কারণে বেশিদূর এগোয়নি শুটিং। সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করছেন তারকা অভিনেত্রী কারিনা কাপুর।
সময়মতো সিনেমাটির শুটিং শেষ হলে, আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।
বিনোদন/এসকেএম















Leave a Reply