৩০ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): এটিএম মেশিন ঠিকই রয়েছে। কিন্তু মেশিনের ভেতর থেকে রহস্যজনকভাবে টাকা উধাও। ৯ দিন ধরে প্রায় ৪০ লাখ টাকা জালিয়াতি ঘটনা ঘটেছে ভারতে।
দেশটির কলিকাতা শহরে, কাশীপুর, নিউমার্কেট ও যাদবপুর এলাকার ৩টি এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর: আনন্দবাজার পত্রিকা।
পুলিশ সূত্রে জানা গেছে, কলিকাতার নিউমার্কেটের একটি এটিএম বুথ থেকে ১৮ লাখ ৮০ হাজার টাকা, যাদবপুরের একটি এটিএম থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা ও কাশীপুরের একটি এটিএম থেকে ৭ লাখ টাকা তুলে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে গোয়েন্দারা।
প্রাথমিকভাবে গোয়েন্দা পুলিশের ধারণা, কোনও সফটওয়্যার ব্যবহার করে টাকা তুলে নেয়া হয়েছে। কিন্তু কী সেই সফটওয়্যার, তা নিয়েই সৃষ্টি হয়েছে রহস্য।
এর আগে কলিকাতায় একাধিকবার এটিএম ভেঙে টাকা লুঠপাটের ঘটনা ঘটেছে। এটিএমে স্কিমার যন্ত্র বসিয়ে প্রচুর টাকা জালিয়াতি করেছে রোমানীয় জালিয়াতরা।
শুক্রবারও গড়িয়াহাটে এটিএম ভেঙে লুঠপাটের অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু কাশীপুর ও যাদবপুরে যা ঘটেছে, তা একেবারেই নতুন বলে দাবি পুলিশের।
দক্ষিণ কলিকাতার যাদবপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা ভর্তি করতে এসে এটিএম খুলতেই ওই সংস্থার কর্মীরা দেখেন, ভেতর থেকে উধাও টাকা।
ওই ব্যাংকের কর্মকর্তারাও এসে দেখেন যে, এটিএম না ভেঙেই ভেতর থেকে উধাও হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা। উত্তর ও দক্ষিণ কলিকাতার দুটি এটিএম থেকে মোট ৪৫ লাখ টাকা উধাও হওয়ায় গোয়েন্দারা বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখছেন।
দুইটি এটিএম পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে তারা পুলিশকে জানিয়েছেন, কোনও সফটওয়্যার ব্যবহার করে এই টাকা তুলে নেয়া হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এটিএমগুলোর পেছন দিক থেকে তার বেরিয়ে থাকতে দেখা গেছে। ওই তারের মাধ্যমেই সফটওয়্যার ব্যবহার করে পুরো টাকা তুলে নেয়া হয়েছে বলেই ধারণা গোয়েন্দাদের। এই ব্যাপারে নিশ্চিত হতে এটিএম দু’টির সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
ভারত/এসকেএম















