এডিস নিয়ন্ত্রণে দায়িত্বশীল হতে মেয়র তাপসের আহ্বান

০৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চিরুনি অভিযানে এডিস নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বুধবার খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো রয়েছে, আমরা তাদেরকে বারবার চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি যেন তারা সেগুলো পরিষ্কার করেন। আপনারা লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম এখানে লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক। আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার-পরিছন্ন না রাখি, উৎসগুলো নিধন না করি, তবে এটা (ডেঙ্গু নিয়ন্ত্রণ) অত্যন্ত দুরূহ। তারপরও কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগী বা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ রাখতে পারব। কিন্তু কাজটি অত্যন্ত দুরূহ, তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা করছি। তারপরও দায়িত্বহীনতা ও  উদাসীনতা লক্ষ্য করছি। এটা কোনভাবেই কাম্য নয়। যদি সবাই দায়িত্বশীল ভাবে কাজ করি তাহলে এটার বিস্তার এতদূর হতে পারে না। এখন ঘরে ঘরে যাচ্ছি। যত তথ্য পাচ্ছি, আমরা সেখানে গিয়ে কাজ করছি।

জনগণ সচেতন না হলে ১ কোটি ২০ লাখ জনবসতির এই শহরে এডিস নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত কষ্টসাধ্য ও দুরূহ উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, তারপরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দীর্ঘ মেয়াদে যদি ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবার দায়িত্বশীলতা-সচেতনতা অত্যন্ত জরুরি।

এর আগে তিনি টিটি পাড়া পাম্প স্টেশন সংলগ্ন মান্ডা খালপাড়ে বৃক্ষরোপণ করেন। পরে তিনি মতিঝিল টি এন্ড টি কলোনিতে মশক নিয়ন্ত্রণ, সেগুনবাগিচা ও ইস্কাটন গার্ডেন রোডে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস/এসকেএম