এন্ড্রু কিশোর বাংলা গানের ঐশ্বর্য

০৬ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালে আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি এ শিল্পী। বাংলা গানের গুনী এ শিল্পী ভক্তদের মাঝে আছেন তার কণ্ঠের জাদুতে। বন্ধুবান্ধব, ঘনিষ্ঠজন থেকে শুরু করে অগণিত ভক্ত এ দিনটিতে তাকে স্মরণ করেছেন।

গুনী এ শিল্পীর প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছেন মিডিয়াব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে এন্ড্রু কিশোরকে স্মরণ করে একটি পোস্ট করেছেন তিনি।

তার স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে দেয়া হলো:

‘দেখতে দেখতে একটি বছর হয়ে গেল কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটিই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিল বেশি।

যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত। অবশেষে মরণব্যাধি ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।

কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি মানুষের সাথেও প্রাণ খুলে মিশতে পারত। সবসময় নিজের সুবিধার চাইতে অন্যের সুবিধার দিকেই দৃষ্টি ছিল তার বেশি। কিশোরের সাথে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। একসাথে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, একসাথে থেকেছি। কিশোর ছিল ইত্যাদির প্রায় নিয়মিত সংগীতশিল্পী। কিশোর নেই মনে হলেই ভেতরটা হাহাকার করে ওঠে। এন্ড্রু কিশোর ছিল একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ। যার তুলনা সে নিজেই।

কিশোর তার গানের মাধ্যমেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু যেখানে থাকো ভালো থেকো। শান্তিতে থেকো।’

হানিফ সংকেত/এসকেএম