১২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে। এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
ডক্টর হাছান এই সময় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করেন। বলেন, তথ্য মন্ত্রণালয় সবসময় তাদের সাথে রয়েছে। ঠিক এক বছর আগে ২০২০ সালের ১৪ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে তার ও ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভাদকারের উপস্থিতিতে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে এই চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণের চুক্তি স্বাক্ষরের কথাও স্মরণ করেন তথ্যমন্ত্রী।
প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং উপদেষ্টা ডক্টর গওহর রিজভী তাদের বক্তব্যে এ চলচ্চিত্রকে দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্রটিতে শেরে বাংলা এ কে ফজলুল হকের চরিত্র রূপায়ণকারী শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় শিল্পী ও কুশলীদের প্রাণবন্ত অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি একটি ঘরোয়া আসরে পরিণত হয়।
বঙ্গবন্ধুর পিতার চরিত্রে অভিনয়কারী চঞ্চল চৌধুরী (৪৫-৬৫) ও খায়রুল আলম সবুজ (৬৫-৯৪), বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয়কারী সঙ্গীতা চৌধুরী (৩৩-৫৫) ও দিলারা জামান (৬০-৭৪), বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কৈশোর চরিত্রে অভিনয়শিল্পী দিব্য জ্যোতি ও প্রার্থনা ফারদিন দিঘী, শেখ জামাল ও শেখ রেহানার কৈশোর চরিত্রে অভিনয়কারী শরীফ সিরাজ ও সাবিলা নূর, মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়কারী রাইসুল ইসলাম আসাদ ও তৌকীর আহমেদ তাদের অনুভূতি জানান।
তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান- এই চার নেতার চরিত্রে অভিনয়কারী ফেরদৌস, সায়েম সামাদ, খলিলুর রহমান ও সমু চৌধুরী, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তোফায়েল আহমেদের চরিত্রে অভিনয়কারী তুষার খান ও সাব্বির আহমেদ, শেখ ফজলুল হক মণি ও অলি আহাদের চরিত্রে অভিনয়কারী মোস্তাফিজুর নূর ইমরান ও সাদমান প্রত্যয়, রমা, মাঝি ও শামসুল হকের চরিত্রে অভিনয়কারী যথাক্রমে শাইখ খান, নরেশ ভুঁইয়া ও সিয়াম আহমেদ এবং খন্দকার মোশতাকের চরিত্র অভিনয়কারী ফজলুর রহমান বাবু এ আসরে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, উপ-সচিব সাইফুল ইসলাম, মন্ত্রীর দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম ইউ আহম্মদ, ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী অনুষ্ঠানে অংশ নেন।
বঙ্গবন্ধু/এএমএম/টিটি
















Leave a Reply