কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনু সুদের

বিনোদন ডেস্ক: একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল অভিনেত্রী কঙ্গনা রানাউত ও দক্ষিণী অভিনেতা সোনু সুদের। কিন্তু এখন আর নেই। এখন প্রায় মুখ দেখাদেখি বন্ধ এ অভিনেতা-অভিনেত্রীর। তাদের এ সম্পর্কের অবনতি ঘটে ‘মণিকর্ণিকা’ সিনেমার শ্যুটিংয়ের সময় থেকে। প্রথমে ছবিটি পরিচালনা করছিলেন কৃষ জগরলামুড়ি। পরে পরিচালনার ভার নিজের হাতেই তুলে নেন কঙ্গনা। এ ছবি থেকে মাঝ পথেই বিদায় নিয়েছিলেন সোনু সুদ।

প্রায় পাঁচ বছর ধরে কথা বন্ধ দুই বন্ধুর। তবে বন্ধুত্বে ইতি হলেও কঙ্গনার পরিবারের সাথে এখনও অভিনেতার সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো বন্ধুকে নিয়ে সে কথা বললেন সোনু সুদ।

কঙ্গনার ব্যাপারে কোনও বিরূপ মন্তব্য না করে সোনু বলেন, কঙ্গনা আমার বন্ধু নয় বলেই ‘মণিকর্ণিকা’ থেকে আমি বেরিয়ে এসেছিলাম। ওর সাথে আমার আর বাক্যালাপ নেই। তিনি বলেন, কিন্তু ওর মা, বাবা, বোন এবং গোটা পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠতা রয়েছে আমার। এ অভিনেতা বলেন, একটা নিয়ম আমি মেনে চলি। কারও সাথে কোনও সময়ে সুসম্পর্ক থাকলে, যা-ই হয়ে যাক, তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করি না।

কিছু বিষয় ঘিরে খারাপ লাগা তৈরি হলেও একসময়ের বন্ধুর নামে খারাপ মন্তব্য করতে চান না সোনু। অভিনেতা বলেন, লোকে যা ইচ্ছে বলতেই পারে। কিন্তু আমি কখনই ওর বিরুদ্ধে খারাপ কিছু বলব না। হয়তো খারাপ লাগা থাকতে পারে, একসময়ে বন্ধু ছিল ও। আর এখন এই খারাপ কথাগুলো বলছে। আমার মনে হয় এটা ওর (কঙ্গনা) বোকামি। ও কিন্তু মোটেই খারাপ মানুষ নয়। তবে কিছু কথা বলে দেয়ার আগে ভাবা উচিত। আমিও হয়তো বোকার মতো কখনও করেছি এমন কিছু। তবে তা নিয়ে আক্ষেপ নেই। তাই কঙ্গনা কী বলবে, সেটি ওর ভাবনার ধরন। উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়াই সমীচীন মনে করি।

‘মণিকর্ণিকা’র পরে আর কখনই পরস্পরের সাথে কথা বলেননি কঙ্গনা ও সোনু। এমনকি নতুন কোনও ছবির প্রস্তাবও আর দেননি ‘কুইন’। অভিনেতা বলেন, আমরা ‘মণিকর্ণিকা’র পরে আর কোনও কথা বলিনি। অজয় নামে আমাদের এক বন্ধু রয়েছে। আমাদের মধ্যে একাধিকবার মিটমাট করানোর চেষ্টা করেছিল ও; কিন্তু আমি আর কথা বাড়াতে চাইনি। ওকে ওর খুশিমতো থাকতে দেয়াই ভালো।

উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সোনু সুদের ছবি ‘ফতেহ’। অন্যদিকে কঙ্গনার বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

বলিউড/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *